আধ্যাত্মিক গুণাবলীর জন্য প্রার্থনা (#8406)

আমার মধ্যে একটি পবিত্র অন্তর সৃষ্টি কর, হে আমার প্রভু এবং আমার মধ্যে একটি প্রশান্ত বিবেক পুনরুজ্জীবিত কর, হে আমার ভরসা। তোমার প্রত্যাদেশ ধর্মে শক্তির আত্মা সহযোগে আমার বিশ্বাস সুদৃঢ় কর, হে আমার শ্রেষ্ঠতম প্রেমাস্পদ এবং তোমার প্রভার আলোকের সহায়তায় তোমার পথ আমার নিকট প্রকাশিত কর, হে আমার আকাংখার লক্ষ্যস্থল। তোমার অত্যুচ্চ অপার্থিব শক্তির প্রভাবে আমাকে তোমার পবিত্রতার স্বর্গে উত্তোলন কর, হে আমার সত্তার মূল উৎস এবং তোমার সনাতন সমীরণ দ্বারা আমাকে পুলকিত কর, হে আমার প্রভু। তোমার চিরস্থায়ী সুমধুর সঙ্গীত আমার উপর শান্তির নিঃশ্বাস ত্যাগ করুক, হে আমার সহচর এবং তোমার মুখমন্ডলের ঐশ্বর্যসমূহ তুমি ব্যতীত অপর সকল হইতে আমাকে পরিত্রাণ করুক, হে আমার প্রভু এবং তোমার অবিনশ্বর সত্তার প্রত্যাদেশ-অবতরণের সুসংবাদসমূহ আমার নিকট আনন্দ বহন করিয়া লইয়া আসুক, হে প্রকাশমানদের মধ্যে সর্বাপেক্ষা প্রকাশমান এবং নিহিতদের মধ্যে সর্বপেক্ষা নিহিত।

-Bahá'u'lláh
-----------------------

আধ্যাত্মিক গুণাবলীর জন্য প্রার্থনা (#8409)

সমস্ত গুণগান তোমারই হে প্রভু, তুমি ছাড়া অন্য কোন উপাস্য নাই, তোমার সান্নিধ্যে উন্নীত হওয়া, তোমার কাছাকাছি বসবাস করার, তোমার সাথে কথা বলার, যোগ্যতা প্রদান কর। তুমি ছাড়া অন্য কোন উপাস্য নাই।

-`Abdu'l-Bahá
-----------------------

আধ্যাত্মিক গুণাবলীর জন্য প্রার্থনা (#8410)

আমাকে পথ দেখাও, আমাকে রক্ষা কর, প্রভু হে তুমি আমার ঈশ্বর, আমার হৃদয়ের প্রদীপকে প্রজ্জ্বলিত কর। এক উজ্জ্বল তারকায়, তুমি শক্তিমান, তুমি ক্ষমতাবান।

-`Abdu'l-Bahá
-----------------------

আধ্যাত্মিক গুণাবলীর জন্য প্রার্থনা (#8411)

হে প্রভু, আমাকে উচিত পথে চালিত কর। আমাকে রক্ষা কর, আমার হৃদয় প্রদীপ আলোকিত কর, আমাকে এক দীপ্তিমান নক্ষত্রে পরিণত কর। তুমি সর্ব শক্তিমান ও তেজময়।

-`Abdu'l-Bahá
-----------------------

আধ্যাত্মিক গুণাবলীর জন্য প্রার্থনা (#8415)

আমাদের হৃদয়গুলিকে আলোকিত কর। আমাদের উপলব্ধি করিবার চক্ষু দাও। মনোযোগী কর্ণ প্রদান কর।

-`Abdu'l-Bahá
-----------------------

আধ্যাত্মিক গুণাবলীর জন্য প্রার্থনা (#8407)

হে ঈশ্বর, আমার আত্মাকে সতেজ ও আনন্দপূর্ণ কর। আমার অন্তর পবিত্র কর। আমার শক্তিসমূহ উজ্জ্বল কর। আমি আমার সকল কার্য তোমারই হস্তে ন্যস্ত করিতেছি। তুমিই আমার পথ প্রদর্শক এবং আমার আশ্রয়। আমি আর দুঃখিত ও ব্যথিত হইব না। আমি একজন সুখী ও আনন্দপূর্ণ ব্যক্তি হইব হে আমার প্রভু। আমি আর চিন্তাযুক্ত হইব না, আর কোন বিপদ আমাকে ব্যতিব্যস্ত করিবে না। আমি জীবনের অপ্রীতিকর বিষয়সমূহ সন্বন্ধে কিছুই উল্লেখ করিব না।
	হে প্রভু তুমি আমা অপেক্ষা আমার নিকট একজন বড় বন্ধু। আমি তোমারই নিকট আমার জীবন উৎসর্গ করিতেছি, হে পরম প্রভু।

-`Abdu'l-Bahá
-----------------------

